বিজ্ঞাপন

প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, পল্লিচিকিৎসককে জরিমানা

প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, পল্লিচিকিৎসককে জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ও অনুমোদন ছাড়াই রোগীদের প্রেসক্রিপশনে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক লেখার অভিযোগে নন্দন মোহন্ত নামে এক পল্লিচিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফজলে রাব্বী রাকিব উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পুরাতন বাজার এলাকার ওই পল্লিচিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার চেম্বারে সংরক্ষিত চিকিৎসা সংক্রান্ত নথিপত্র এবং রোগীদের দেওয়া ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) খতিয়ে দেখা হয়। এ সময় দেখা যায়- বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্ধারিত সনদ ও চিকিৎসা সেবার বৈধ অনুমোদন ছাড়াই তিনি রোগীদের নিয়মিত ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি জটিল ও স্পর্শকাতর উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছিলেন। এমনকি কম বয়সী শিশুদেরও তিনি উচ্চমাত্রার ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছিলেন।

অভিযোগ ও অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ওই পল্লিচিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং নগদ অর্থ আদায় করা হয়।

‎স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, এর আগেও তাকে জরিমানা করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেটি মানেননি। আজকে তিনি দুই মাস, ছয় মাস বয়সী শিশুদের চিকিৎসা দিচ্ছেন। আবার তাদেরকে স্পর্শকাতর ওষুধ ব্যবহার করতে বলছেন। রোগীদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অনুমোদন ছাড়া রোগীদের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক লেখার কোনো এখতিয়ার তার নেই।

চম্পক কুমার/আরএআর

বিজ্ঞাপন