গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় একই এলাকায় প্রতিবাদ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আচমকা ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল শুরু করেন যুবলীগ সমর্থক নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা। মিছিলটি ৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় প্রতিবাদ মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের শতাধিক নেতাকর্মীরা।
কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কিছু নেতা কর্মীরা সড়কে এসে মিছিল করেছে। তাদের হুঁশিয়ারি দিয়ে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, পল্লী বিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগ মিছিলের চেষ্টা করেছে। আমরা যাওয়ার আগেই ওরা পালিয়েছে। বিএনপি সরকার প্রতিবাদ করতেই পারে। আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আশিকুর রহমান/এসএমডব্লিউ
