খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন রোগী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৪৭ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২০০ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। এক দিনে বিভাগে একমাত্র মৃত্যুর ঘটনাটি ঘটেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
জেলাভিত্তিক হিসেবে দেখা যায়, খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে খুলনা জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১১২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে ৩৯ জন, যশোরে ১৭ জন, সাতক্ষীরায় ১২ জন, নড়াইলে ৬ জন, মাগুরায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ঝিনাইদহ ও মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তির খবর পাওয়া যায়নি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩১ জনে। এর মধ্যে সর্বমোট ২১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাসেবা শেষে এ পর্যন্ত ৫ হাজার ৫৩২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং ১৫৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।
বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগ সবাইকে মশার কামড় থেকে বেঁচে থাকতে সচেতন হওয়ার এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
মোহাম্মদ মিলন/এএমকে
