বিজ্ঞাপন

১১ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

১১ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

প্রায় ১১ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জামালপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত শুভ এ ঘোষণা দেন। এরপরই স্বাভাবিক হয় জামালপুর সঙ্গে ঢাকাসহ সারা দেশের বাস চলাচল।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে জামালপুরে বাস চালকদের নিরাপত্তাহীনতা, বাস ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছিল জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে জামালপুরের সঙ্গে সারা দেশে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাস মালিক সমিতির সদস্যরা ও সাধারণ বাস শ্রমিকরা তাদের দাবি নিয়ে  জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসির সঙ্গে আলোচনার জন্য যান। সেই সময় রাজীব বাসের বেপরোয়া গতিতে চলাচল বন্ধ, বাস সার্ভিসের মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনাপ্রবণ রুটে কঠোর তদারকির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এনসিপির নেতারা। বাস মালিক সমিতির সদস্যরা ডিসি অফিসে ঢোকার সময় মূল ফটকে বাস মালিক সমিতির সদস্য ও এমসিপি নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাস মালিক সমিতির সদস্যরা ডিসি অফিসের ভেতরে সভা কক্ষে গিয়ে ডিসির সঙ্গে বৈঠকে বসেন এবং এনসিপির নেতাকর্মীরা জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। পরে ডিসির সঙ্গে কথা বলে বাস মালিক সমিতির সদস্যরা আলোচনা করে প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেন। এনসিপির নেতাকর্মীরাও পুলিশ সঙ্গে কথা বলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে অবস্থান কর্মসূচি তুলে নেন। এরপর ঢাকাসহ সারা দেশের বাস চলাচল  স্বাভাবিক হয়।

জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত শুভ বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের কথা শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন। আমরা তাদের কথা শুনে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিলাম। আর ডিসি অফিসের সামনে যে হাতাহাতির ঘটনা ঘটেছে সেটাতে আমাদের কোনো দোষ নেই। ওরা আমাদের দেখে উসকানিমূলক স্লোগান দেয়। পরে সাধারণ শ্রমিকরা তাদের প্রতিহত করে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহিল রশিদ বলেন, আমাদের বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবিগুলো আমরা শুনেছি এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করবো।

বাঁধন হোসেন/এএমকে

বিজ্ঞাপন