বিজ্ঞাপন

মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

গাজীপুরের কালিয়াকৈরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় ইউনুস আলী (৬৬) নামে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার কালিয়াকৈর উপজেলা হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ইউনুস আলী উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে সড়ক পাড় হচ্ছিলেন তিনি। এসময় উত্তরাঞ্চলমুখী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

আশিকুর রহমান/এসএইচএ