সিরাজগঞ্জে সিএনজির অ্যাক্সেল ভেঙে বাসের সঙ্গে সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চন্ডিদাসগাতী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন যাত্রী নিয়ে হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল সিএনজি। চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সিএনজিটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে সিএনজি ডান দিকে কাত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। চার যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
মো. নাজমুল হাসান/এএমকে
