বিজ্ঞাপন

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে আহত ২০, পিটিয়ে মারা হলো ৩টি

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে আহত ২০, পিটিয়ে মারা হলো ৩টি

গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে দুইটি গ্রামের অন্তত ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। এছাড়াও বেশকিছু গবাদিপশুকেও কামড়ে আহত করেছে বলে জানা গেছে। এ ঘটনায় তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের ঢুলিগড়া, ভাল্লুকবের এলাকায় এ ঘটনা ঘটেছে। 

বাসিন্দারা জানান, গতকাল বুধবার বিকেলে হঠাৎ গ্রামের বিভিন্ন স্থানে শিয়ালগুলো বিভিন্ন গবাদিপশুকে আক্রমণ করতে শুরু করে। বৃহস্পতিবার সকালে সড়কের বিভিন্ন স্থানে পথচারী ও গ্রামের কর্মজীবী মানুষকে কামড়াতে শুরু করে। এতে পুরো গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষায় গ্রামবাসী একত্র হয়ে তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে।

ঢুলিগড়া গ্রামের বাসিন্দা সুকুমার বর্মণ জানান, সকালে কয়েকজন লোক বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে শিয়াল বের হয়ে তাদের আক্রমণ করে। এতে দুইজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। 

একই গ্রামের বাসিন্দা আলমাস মিয়া জানান, আজ সকালে একটি গরুকে আক্রমণ করে শিয়াল। এসময় আমি একটি লাঠি নিয়ে শিয়ালটিকে তাড়া করলে সে আমাকে কামড়াতে চলে আসে। পরে আমি আত্মরক্ষায় পালিয়ে যাই।

এদিকে শিয়ালের কামড়ে আহত লোকজন চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছেন। 

কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, কালিয়াকৈরে শিয়ালের কামড়ে ২০ জন মানুষ আহতের কথা জানতে পেরেছি। তাদের মধ্যে আমরা এ পর্যন্ত ১১ জনকে চিকিৎসা দিয়েছি। শিয়ালে কামড়ানো ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমাদের পর্যাপ্ত ভ্যাক্সিন আছে। যাদের অবস্থা বেশি গুরুতর, তাদের জন্যও ব্যবস্থা রয়েছে। 

আশিকুর রহমান /এসএইচএ 

বিজ্ঞাপন