বিজ্ঞাপন

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন চুরির মামলার এক আসামি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনে এ ঘটনা ঘটে।

পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে। 

জানা গেছে, আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আব্দুল মোমিনসহ কয়েকজন আসামিকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়। দুপুর পৌনে ১২টার দিকে কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে আব্দুল মোমিন হাজতখানার গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর দ্রুত হাজতখানা থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলায় চলে যান। সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, তাকে নিয়ে আসার পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে হাজত খানায় আরেকজন আসামিকে ঢুকানোর সময় সে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়। এরপর বারান্দায় কোনো গ্রিল না থাকার সুযোগে লাফ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি মৌখিকভাবে সদর থানায় জানানো হয়েছে। তারা তাকে খুঁজছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্মকর্তা। 

মো. নাজমুল হাসান/এসএইচএ