বিজ্ঞাপন

ভোলায় অটোরিকশা-নছিমনের সংঘর্ষে নিহত ১

ভোলায় অটোরিকশা-নছিমনের সংঘর্ষে নিহত ১

ভোলা সদর উপজেলায় ব্যাটরিচালিত অটোরিকশা ও ডিজেল ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে রাশেদ হাওলাদার (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা পৌরসভার পিটিআই এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরছিফলী গ্রামের জামাল হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নছিমনে চড়ে রাশেদসহ নছিমনের চালক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে যাত্রী নিয়ে ভোলা শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। দুটো গাড়ি পিটিআই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমনে থাকা রাশেদ নছিমনের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশাচালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

রাতে বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের বাবা থানায় মামলা করেছেন। এখনও অটোরিকশাচালককে চিহ্নিত করা যায়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো.খাইরুল ইসলাম।/এসএইচএ