বিজ্ঞাপন

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সিকদার পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাকবাজার এলাকার ধলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আতিক পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। তিনি ডিলার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টিভেজা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আতিক। এ সময় ধলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতিকের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ