বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী মীর হেলাল

দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি না করে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়

দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি না করে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়

পার্বত্য অঞ্চলের শিক্ষা, কৃষি ও নারীর ক্ষমতায়নের গতি আরও বেগবান করতে বান্দরবানে বিশেষ উন্নয়নসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি না করে একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবান ইউনিট অফিসের সম্মেলনকক্ষে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গম পাহাড়ের শিক্ষা ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণের মাধ্যমে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি পাওয়ার টিলার কৃষকদের উৎপাদন বাড়াতে এবং সেলাই মেশিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে এই অঞ্চলকে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সব সময় পাহাড়ের মানুষের পাশে আছে। শিক্ষা, কৃষি এবং নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আমাদের এ ধরনের উন্নয়নমূলক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।’

এ ছাড়া অনুষ্ঠানে বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, কৃষক এবং সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন। সামগ্রী বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এই জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আহসানুল আলম রুমু/বিআরইউ