বিজ্ঞাপন

কবিরাজের ঘরের সামনে পড়েছিল চিকিৎসা নিতে আসা যুবকের মরদেহ

কবিরাজের ঘরের সামনে পড়েছিল চিকিৎসা নিতে আসা যুবকের মরদেহ

পটুয়াখালীর দশমিনায় এক গ্রাম্য কবিরাজের বাড়ির পুকুরপাড় থেকে চিকিৎসা নিতে আসা আরিফুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খলিশাখালী গ্রামের মোল্লা বাড়ির কবিরাজ নুরকজাহান বেগমের বাড়ির পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​মৃত যুবকের নাম আরিফুর রহমান। তিনি ওই এলাকার নুর আলম মাতব্বরের ছেলে ও পেশায় একজন শ্রমিক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন আরিফুর রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। রাতের দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ভেবে স্ত্রী বাড়িতে ফিরে যান এবং আরিফুরের মা ও আরিফুর ওই কবিরাজের কাছে থেকে যান।​ বৃহস্পতিবার সকালে আরিফুর রহমানের মা ঘুম থেকে উঠে ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কবিরাজের ঘরের সামনের পুকুরপাড়ে ছেলেকে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পান তিনি। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আরিফুরল্র মৃত দেখতে পান। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কবিরাজ নুরজাহান বেগম বলেন, রাতে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে আরিফুর রহমানকে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে আরিফুর রহমান আবোল-তাবোল কথা বলতে বলতে পুকুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে নাশতা ও ভাত খাওয়ানো হয়। এরপর পরিবারের সদস্যরা চলে গেলে আমরা ঘুমিয়ে পড়ি। বৃহস্পতিবার সকালে হাঁস-মুরগি ছাড়তে গিয়ে আরিফুরকে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায়। এর বাইরে আমরা আর কিছু জানি না।

​দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, পুকুরপাড় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

সোহাইব মাকসুদ নুরনবী/আরকে

বিজ্ঞাপন