মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত কনা খাতুন ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে।
মৃতের পরিবারের নিকটাত্মীয় লিটন হোসেন জানান, শুক্রবার সকালে কনা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা কনাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে পুকুর থেকে তোলা হয়।
শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোকের সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
মাহাবুল ইসলাম/আরকে
