বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

জয়পুরহাটে চিকিৎসা শেষে ঢাকার পথে প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে চিকিৎসা শেষে ঢাকার পথে প্রতিমন্ত্রী আব্দুল বারী

বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে রাস্তা পারাপারের সময় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হলেও বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। তিনি জয়পুরহাটে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তবে গাড়ির ধাক্কায় গুরুতর আহত সেই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এদিন প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির সামনে নিরাপত্তার দায়িত্বে পুলিশের একটি গাড়ি ছিল। কিচক গোপীনাথপুর এলাকায় নিরাপত্তার গাড়িটি পার হওয়ার পরপরই ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এসময় ওই নারী প্রতিমন্ত্রীর গাড়ির সামনে পড়েন। তাকে রক্ষা করতে চালক তাৎক্ষণিক ব্রেক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে নেমে যায়। দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী, তার স্ত্রী, দেহরক্ষী ও গাড়ির চালককে অন্য একটি গাড়িতে করে গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হয়।

আকস্মিক এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর বাম হাত ও ডান পায়ে আঘাত পান। অন্য গাড়িতে এসে প্রতিমন্ত্রী জয়পুরহাটের কালাই উপজেলার সিমেনাহল এলাকার নিজ বাসায় পৌঁছান। কয়েকজন চিকিৎসক বাসায় গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ৪০০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

 

জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রতিমন্ত্রীকে এক্স-রে করানো হয়। পরে অপারেশন কক্ষে নিয়ে আঘাতপ্রাপ্ত ডান পায়ে প্লাস্টার এবং বাম হাতের কাঁধে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তিনি সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দুর্ঘটনার কারণে প্রতিমন্ত্রী পূর্বনির্ধারিত সরকারি কোনো কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক ঢাকা পোস্টকে বলেন, প্রতিমন্ত্রীকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয়েছে। তার আঘাতপ্রাপ্ত স্থানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ঢাকায় গিয়ে তিনি শারীরিক চেক আপ করবেন।

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ও জয়পুরহাটের কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঢাকা পোস্টকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় আহত নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চম্পক কুমার/এসএইচএ