প্রবাস থেকে দেশে ফিরে নতুন করে ব্যবসা শুরু করেছিলেন কিশোরগঞ্জের হোসেনপুরের তরুণ ব্যবসায়ী ইমরান মিয়া। মাত্র তিন মাস আগে বিস্কুট ও বিভিন্ন খাদ্যসামগ্রীর ডিলারশিপ নিয়ে শুরু করেছিলেন নতুন পথচলা। কিন্তু সেই স্বপ্নের ব্যবসায় আগুন লেগে এক রাতেই পুড়ে গেছে অধিকাংশ মালামাল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের হেলিপ্যাডসংলগ্ন একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া উপজেলার নিরাহারগাতী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস থেকে দেশে ফিরে প্রায় ৩ মাস আগে অলিম্পিক ও হক নামের দুটি কোম্পানির বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর ডিলারশিপ নেন ইমরান। ধনকুড়ার ওই দোকান থেকে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার দোকানে এসব পণ্য সরবরাহ করতেন তিনি।
বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান ইমরান। গভীর রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক রিকশাচালক দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি বিষয়টি ইমরানকে জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া বলেন, দুটি কোম্পানির প্রায় ৮ লাখ টাকার মালামাল দোকানে ছিল। কিছু মালামাল উদ্ধার করা গেলেও অধিকাংশই পুড়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করেছিলাম। অনেক আশা নিয়ে এগোচ্ছিলাম। আগুনে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।
হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাখাওয়াত হোসেন হৃদয়/এমএমবি
