ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থল সাগর মোহনায় জেলেদের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। মাছটি আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১২ হাজার ৯০০ টাকা বিক্রি হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলার ইলিশা তালতলি মাছঘাটে নাগর হাজারির আড়তে মাছটির নিলাম হয়। এসময় সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী লোকমান হোসেন ব্যাপারী।
আড়তদার ও স্থানীয়রা জানান, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগর মোহনায় স্থানীয় জেলে মিরাজ মাঝির জালে অন্যান্য মাছের সাথে রাজা ইলিশ মাছটিও ধরা পড়ে। পরে মাছ ধরা শেষে শুক্রবার তারা ভোলা সদর উপজেলা ফিরে আসেন এবং মাছটি আড়তে আনার পর পর বড় আকৃতির ইলিশটি দেখতে তালতলি ঘাটে ভিড় করে জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষ। পরে উন্মুক্ত নিলামে ১২ হাজার ৯০০ টাকায় মৎস্য ব্যবসায়ী লোকমান হোসেন ব্যাপারী সর্বোচ্চ দামে রাজা ইলিশটি কিনে নেন।
আড়তদার নাগর হাজারি বলেন, আড়তে সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। আমার মনে হচ্ছে আড়াই কেজি ওজনের ইলিশটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। স্বতঃস্ফূর্তভাবে ঘাটের সব আড়তদাররা মাছটি কেনার জন্য নিলামে অংশ নিয়েছিল।
মাছটির ক্রেতা লোকমান হোসেন ব্যাপারী বলেন, রাজা ইলিশটি সর্বোচ্চ দামে কিনেও মনে হচ্ছে জিতেছি। অন্যান্য মাছের সাথে রাজা ইলিশটি ঢাকার মাওয়া ঘাটে বা অন্য কোনো বাজারে বিক্রির জন্য পাঠাবো। আশা করি ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, এটি অন্যান্য জেলেদের জন্য আনন্দের খবর। মৌসুমের শেষ দিকে এসে নদীতে ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই ভালো। আড়াই কেজির রাজা ইলিশটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে যেহেতু ইলিশের ডিম দেওয়ার মৌসুম, তাই ধারণা করা যায় বড় ইলিশ নদীতে আসছে।
মো. খাইরুল ইসলাম/এসএইচএ
