বিজ্ঞাপন

বল্লার বাসা পোড়াতে গিয়ে আগুন, পুড়ল ৫ দোকান

বল্লার বাসা পোড়াতে গিয়ে আগুন, পুড়ল ৫ দোকান

রাজবাড়ীর পাংশা বাজারে বল্লার বাসা পোড়ানোর সময় পাটকাঠির পালায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালায় আগুন দিয়ে বল্লার বাসা পোড়ানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাজারের পাঁচটি দোকানে আগুন লেগে যায়। 

অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম সরদার বলেন, বাজারের পাশের একটি বসতবাড়ির আগুন থেকেই আমার দুটি দোকানসহ আরও তিনটি দোকানে আগুন লাগে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিয়ে বসতবাড়ি ও আশপাশে আগুন ব্যবহারে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল। জন্মাষ্টমী উপলক্ষ্যে তিনি দোকানেও ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় ৫ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, বসতবাড়ির রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাংশা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএমবি 

বিজ্ঞাপন