বিজ্ঞাপন

সৈয়দপুরে পুকুরে মিলল সক্রিয় গ্রেনেড

সৈয়দপুরে পুকুরে মিলল সক্রিয় গ্রেনেড

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের। উদ্ধার হওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকার পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া এলাকার আশির উদ্দিন শাহর পুকুরে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোসল করতে যান স্থানীয় দুই যুবক। এ সময় একজনের পায়ে পানির নিচে থাকা একটি ভারী বস্তুর স্পর্শ হয়। পরে পানির নিচ থেকে বস্তুটি তুলে পুকুরপাড়ে নিয়ে আসেন। সেটি গ্রেনেড বুঝতে পেরে পলিথিনে মুড়িয়ে সেখানে রেখে সৈয়দপুর থানায় খবর দেন। এর পরিপ্রেক্ষিতে আজকে শুক্রবার বিকেলে র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী র‍্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।

কোম্পানি কমান্ডার আশরাফুল কবির বলেন, গ্রেনেডটি তাজা (সক্রিয়) হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে আসে। সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে দলটি গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ