বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ফেনীর পরশুরামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মো. সুজন আকাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার মির্জানগর ইউনিয়নের ডি এম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সুজন উপজেলার দুবলাচাঁদ গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে মির্জানগর ইউনিয়নের ডি এম সাহেবনগর গ্রামের ৬টি পরিবারের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা করে মোট ৭ হাজার ২০০ টাকা নেন সুজন আকাশ। শুক্রবার সকালে টাকা নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় ডি এম সাহেবনগরের বাসিন্দা শেখ এছাক বাদী হয়ে সুজন আকাশের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় একটি মামলা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং একইভাবে অন্য কোনো পরিবারের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল চেষ্টা চালাচ্ছে। এসব বিষয়ে প্রত্যেককে সতর্ক ও সচেতন থাকতে হবে। 

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সুজন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তারেক চৌধুরী/এমএমবি