বিজ্ঞাপন

ডেঙ্গু কেড়ে নিলো ব্যবসায়ীর প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো ব্যবসায়ীর প্রাণ

ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে গোলাম সারওয়ার টিপু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোলাম সারওয়ার টিপু জেলার সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের কাটাখিলা মুন্সিবাড়ির বাসিন্দা। তিনি ফেনী শহরের গ্রান্ড হক টাওয়ারের মোবাইল বাজার নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫-৬ দিন আগে  জ্বরে আক্রান্ত হন টিপু। পরে ফেনীতে চিকিৎসা চলাকালে পরীক্ষা করানো হলে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক নানা জটিলতায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলের দিকে তার মৃত্যু হয়।

টিপুর স্বজন ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, টিপু ভাই আমার বড় বোনের ভাসুর। মাত্র কয়েকদিনের অসুস্থতায় সদালাপী এ মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে। এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়স্বজন সকলে শোকাহত। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাড়ির পাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। 

প্রসঙ্গত, সম্প্রতি ফেনীতে ডেঙ্গু পরিস্থিতির ঊর্ধগতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর জেলায় ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। গত বছর ফেনীতে মোট ২০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও চলতি বছরের প্রথম আট মাসেই এই সংখ্যা ২৫৩ জনে দাঁড়িয়েছে।

তারেক চৌধুরী/এএমকে

বিজ্ঞাপন