বিজ্ঞাপন

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় ২ শিক্ষার্থী গ্রেপ্তার

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় ২ শিক্ষার্থী গ্রেপ্তার

সাভারের স্থানীয় একটি মাদরাসায় এক শিশু শিক্ষার্থীকে (৭) ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে প্রধান আসামি রাফি (২০) ও রবিশাল থেকে সায়েমকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিশুটি সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসার মক্তব বিভাগের ২য় শ্রেণির ছাত্র।

গ্রেপ্তারকৃত রাফি  ও সায়েম সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগ এলাকার বাসিন্দা। তারা উভয়েই ওই মাদরাসার ছাত্র।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। ওই শিশু বলাৎকারের মামলা রুজু হওয়ার পর থেকে পালিয়ে ছিল প্রধান আসামি রাফি। তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরে  সাভার মডেল থানায় হন্তান্তর করা হয় বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে  মামলার দুই নম্বর আসামি সায়েমকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসার মক্তব বিভাগের ২য় শ্রেণির এক শিক্ষার্থী পাঁচজন ছাত্র ও এক শিক্ষকের কাছে  বলাৎকারের শিকার হয়। এ ছাড়া ঘটনা ধামাচাপা দেওয়া, শিক্ষার্থীদের মারধর ও নির্যাতনের অভিযোগ রয়েছে আরও চার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ২৬ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা একটি মামলা দায়ের করেন।

লোটন আচার্য্য/এএমকে