বিজ্ঞাপন

এমপি রফিকুল ইসলাম জামাল

বিএনপি সবসময় জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করে

বিএনপি সবসময় জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠির রাজাপুরে এবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়ন শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

এদিন সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করে ইউনিয়ন বিএনপি। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনভর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামবাংলা ও ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যে সকাল ৯টায় উন্মুক্ত মোরগ লড়াই, সকাল ১০টায় স্বেচ্ছাসেবক দলের পরিচালনায় হাড়িভাঙা প্রতিযোগিতা, বেলা ১১টায় শ্রমিক দলের পরিচালনায় তৈলাক্ত কলাগাছে আরোহণ প্রতিযোগিতা, দুপুর ১২টায় কৃষক দলের পরিচালনায় নদীতে হাঁস ধরা এবং ১টায় যুবদলের সার্বিক পরিচালনায় ছোট নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুর ২টায় মধ্যাহ্ন ভোজের বিরতির পর বেলা ৩টায় ওলামা দলের পরিচালনায় কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে মহিলা দলের পরিচালনায় চেয়ার সিটিং, বিএনপির পরিচালনায় বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে বড়ইয়া ইউনিয়ন বিএনপির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকা প্রদক্ষিণ করে। পরবর্তীতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মহিলা দলের তত্ত্বাবধানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সঞ্চালনায় এরপর পর্যায়ক্রমে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন, ঐতিহ্যবাহী রশি টানা খেলা এবং রাত ৮টা ৩০ মিনিটে দক্ষিণ উত্তমপুর জনকল্যাণ সমিতির পরিচিতি পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, বিএনপি সবসময় বাংলাদেশের দুঃসময়ে পাশে দাঁড়ায়। বিএনপি সবসময় একটি জরাজীর্ণ জাতিকে আবার নতুন করে মাথা উচু করে দাঁড়াতে সহযোগিতা করে।

বিদ্যুতের সমস্যা নিয়ে তিনি বলেন, বিএনপির একটা দুর্ভাগ্য আছে, যখনই ক্ষমতায় আসে তখনই মধ্যপ্রাচ্যে যুদ্ধ থাকে। জিয়াউর রহমানের সময় ছিল ইরান-ইরাক যুদ্ধ, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন তখন ছিল কুয়েত-ইরান যুদ্ধ, এবার তারেক রহমান যখন রাষ্ট্রের দায়িত্বে এলেন এখন আবার ইরান-আমেরিকা যুদ্ধ। আর আমাদের জাহাজ আসে হরমুজ প্রণালী হয়ে। কিন্তু সেখানে আমাদের জাহাজ হামলার শিকার হয়েছে, তাই আমরা তেল আনতে পারছি না। তেল না আসলে আমরা বিদ্যুৎ কোথা থেকে তৈরি করবো।

তিনি আরও বলেন, আমরা উদ্যোগ নিয়েছি। এই বছরের মধ্যেই যদি অন্তত ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদন করতে পারি, আগামী বছর আমরা কম দামে বিদ্যুৎ দিতে পারবো। সুতরাং এই বছরটা একটু আপনাদের ধৈর্য ধরতে হবে।

রাজাপুর-কাঁঠালিয়া ইউনিয়নের উন্নয়নের ব্যাপারে রফিকুল ইসলাম জামাল বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের বলছি, গত ২৫ বছরে এই রাজাপুর-কাঁঠালিয়া ইউনিয়নের যে উন্নয়ন হয়নি তা আগামী ৫ বছরে হবে, ইনশাআল্লাহ। আপনারা রাস্তাঘাট বলে দেবেন, আমি বাজেটের ব্যবস্থা করে দেবো। 

এ ছাড়া, তিনি পরিষদের মাঠকে খেলার উপযোগী করে সেখানে শিশুদের জন্য কিছু রাইড করে দেওয়ার আশ্বাস দেন। সেইসঙ্গে এলাকার মানুষ জমি দিলে একটি স্টেডিয়ামও করে দেওয়ার তিনি আশ্বাস দেন। 

সবশেষে তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে সবাইকে সতর্ক করেন এবং যুবকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

মূল আলোচনা সভা ও প্রধান অতিথির বক্তব্যের পর রাত ৯টায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং রাত ১০টায় ছাত্রদলের পরিচালনায় নৈশভোজের আয়োজন মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে। রাতের নৈশভোজের অংশ নেন এমপি রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি জনসাধারণের সঙ্গে প্লাস্টিকের প্লেটে খাবার খান। যা দেখে নেতা-কর্মী ও সাধারণ মানুষ অভিভূত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, এত বড় আয়োজন সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে শেষ করতে পারায় খুবই ভালো লাগছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আলী হায়দার নাফিজ বলেন, বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫নং বড়ইয়া ইউনিয়নে দিনব্যাপী যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমাদের ইউনিয়নে সারাদিনব্যাপী এত বড় প্রোগ্রাম এর আগে কখনো হয়নি। এতে আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছুতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, আমাদের সারাদিনের প্রোগ্রামে দলীয় কার্যক্রমের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের জন্য ছিল নানা ধরনের আয়োজন। এর মধ্যে ছিলবৃক্ষরোপণ কর্মসূচি, ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামবাংলা ও ক্রীড়া প্রতিযোগিতা। মোরগ লড়াই, হাড়িভাঙা, তৈলাক্ত কলাগাছে আরোহণ, নদীতে হাঁস ধরা এবং ছোট নদীতে সাঁতার প্রতিযোগিতা। এ ছাড়া, কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা। ছিল চেয়ার সিটিং ও বালিশ নিক্ষেপের মতো প্রতিযোগিতাও। আর এসব প্রতিযোগার কাজগুলো দলের সব অঙ্গ-সংগঠনের মাঝে ভাগ করে দেওয়ায় সবাই কাজের সুযোগ পেয়েছে এবং এতে সাধারণ মানুষের সঙ্গে এনগেজমেন্টও ভালো হয়েছে।

অনুষ্ঠান উপলক্ষে দেশে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুবাই শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান ফেরদৌস। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রোগ্রামকে ঘিরে এলাকায় মানুষের মাঝে যে উৎসবমুখর পরিবেশ দেখেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে অবাক হয়েছি আমাদের এমপি রফিকুল ইসলাম জামাল ভাইকে দেখে। তিনি নৈশভোজে যেভাবে সাধারণ মানুষের কাতারে একসঙ্গে বসে প্লাস্টিকের প্লেটে খেয়েছেন, এটা দেখে আমি মুগ্ধ।

তিনি বলেন, জামাল ভাই একজন মাটির মানুষ। যার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ নাই। সহজেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। তাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সব অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন।

এদিন এমপি রফিকুল ইসলাম জামাল সকালে পতাকা উত্তোলন করেন। সন্ধ্যা ৭টায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে রাত ১১টায় আবার সবার সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন

আবদুল্লাহ মাহফুজ খান

বিজ্ঞাপন