ফেনীর সোনাগাজীতে বসতবাড়ি থেকে ‘জল মেটুলি’ নামে একটি মৃদু বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার স্বরাজপুর গ্রামের সরাফপুর এলাকার নিকুঞ্জ ডাক্তারবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী ও সাপ সংরক্ষণকারী সংগঠন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে নিকুঞ্জ ডাক্তারবাড়ির আশপাশে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটি নিরাপদে উদ্ধার করেন নজরুল ইসলাম। পরে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকারী নজরুল ইসলাম বলেন, জল মেটুলি সাপ মূলত পুকুর কিংবা জলাধারের আশপাশে থাকে। এর প্রধান খাদ্য ছোট মাছ, বিভিন্ন জলজ প্রাণী ও ব্যাঙ। এটি সহজে আক্রমণ করে না, শান্ত প্রকৃতির প্রাণী। কেউ আক্রমণ করলে আত্মরক্ষার্থে সাপটি কামড় দিতে পারে। সাধারণ মানুষের ক্ষেত্রে কামড়ে হালকা জ্বালা-পোড়া, ব্যথা ও চুলকানি ছাড়া বিশেষ কোনো সমস্যা হয় না। তবে যাদের তীব্র অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হতে পারে। কামড়ের পর চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তিনি বলেন, বাচ্চা প্রসবের সময় জল মেটুলি শুকনো জায়গার খোঁজে মানুষের বসতির আশপাশে চলে আসতে পারে। এ সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে। সাপটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য সাধারণত বড় ধরনের হুমকি নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোথাও জল মেটুলি সাপসহ কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে নিকটস্থ উদ্ধারকারী সংগঠনকে খবর দিতে হবে। এতে যেমন প্রকৃতি সুরক্ষিত থাকবে, তেমনি মানুষও নিরাপদ থাকবে। এ সাপটি উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
তারেক চৌধুরী/এএমকে
