শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাপূজার একমাস বাকি থাকলেও পাল বাড়িতে তড়িঘড়ি করে চলছে প্রতিমা তৈরির কাজ। দিন-রাত সমানতালে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
২০২৬ সালের পঞ্জিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার মহালয়া ১০ অক্টোবর, মহাপঞ্চমী ১৬ অক্টোবর, মহাষষ্ঠী ১৭ অক্টোবর, মহাসপ্তমী ১৮ অক্টোবর, মহাষ্টমী ১৯ অক্টোবর, মহানবমী ২০ অক্টোবর ও বিজয়া দশমী ২১ অক্টোবর। এদিন বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
সরেজমিনে নগরীর আলুপট্টি এলাকায় প্রতিমাশিল্পী কার্তিক কুমারের বাড়িতে গিয়ে দেখা গেছে, তিনি প্রতিমা তৈরির কাজ করছেন। তার সঙ্গে আরও দুইজন একই কাজ করছেন। পাশে তার শ্রমিকরা কাদামাটি প্রতিমার গায়ে লাগাচ্ছেন। তার শাশুড়িও তুলিতে কাদা নিয়ে প্রতিমার শরীরে লাগাচ্ছেন।
কার্তিক কুমারের শাশুড়ি কবরী বসু বলেন, প্রতিমা তৈরির কাজ আমরা দীর্ঘদিন থেকে করি। প্রতিবছর তার জামাই কার্তিক রাজশাহী ছাড়াও অন্য জেলার প্রতিমা তৈরি করে দেন। প্রতিবছর নতুন নতুন নকশায় প্রতিমা তৈরি করা হয়। ভক্তদের চাওয়ার ভিত্তিতে সেভাবেই প্রতিমা তৈরি করে দেওয়া হয়।

প্রতিমা কারিগর কার্তিক কুমার বলেন, হাতে সময় খুব বেশি নেই। প্রতিমায় মাটি দেওয়ার কাজ শেষ পর্যায়ে। প্রতিমা তৈরিতে যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে, সেগুলো দেখে তৈরি করা হচ্ছে। কোনো সমস্যা থাকলে পরিবর্তন করা হচ্ছে। এরপর রঙের কাজ শুরু হবে। একেকটি প্রতিমায় রঙ করতে দুই-তিন দিন সময় লাগে। এরপর কাপড় ও গহনা পড়ানো হবে। যেহেতু হাতে সময় কম। তাই দিনরাত কাজ করতে হচ্ছে।
কার্তিক কুমার বলেন, পূজা কমিটি এসে প্রতিমা দেখে যাচ্ছেন। প্রতিটি প্রতিমা তৈরিতে বিগত বছরের তুলনায় ২ থেকে ৩ হাজার টাকা বেশি খরচ হচ্ছে। সেই হিসেবে দাম দিতে চাচ্ছেন না পূজা কমিটির লোকজন। পূজার দুই মাস আগেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। নতুবা সময় মতো প্রতিমা ডেলিভারি দেওয়া সম্ভব হবে না। তবে কয়েকদিন পর আমরা পুরোদমে প্রতিমায় রঙের কাজ শুরু করব।
রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ জানান, পালদের বাড়িতে প্রতিমা তৈরির কাজ চলছে। এ নিয়ে শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এখনো জানা যায়নি এ বছরর কতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা জেলার ৪৬২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়। এরমধ্যে রাজশাহী শহরে ৮০টি মণ্ডপে ও জেলায় ৩৮২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরআগের বছর (২০২৪) রাজশাহী জেলায় গত বছর ৪৬৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলায় ৩৮৯টি ও মহানগরীতে ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।
শাহিনুল আশিক/এসএইচএ
