বরগুনার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট চরমে পৌঁছেছে। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯৩টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭৭ জন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ২১৬টি পদ। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে নেই কোনো শিশু বিশেষজ্ঞও। ফলে প্রতিদিন ধারণক্ষমতার দুই থেকে তিনগুণ শিশু রোগী ভর্তি হলেও স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বাড়তি খরচ ও ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা।
এ ছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা। তবে চিকিৎসক সংকট দূর করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮৩ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ১৮ জন। এ ছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য অফিসে ১৩ জনের বিপরীতে ৫, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪১ জনের বিপরীতে ১৭, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জনের বিপরীতে ৮, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জনের বিপরীতে ৬, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জনের বিপরীতে ১২, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জনের বিপরীতে ৯ এবং সিভিল সার্জন অফিসে ৩ জনের বিপরীতে ২ জন চিকিৎসক কর্মরত আছেন।
এ অবস্থায় জেলার অন্তত ১২ লাখ মানুষের চিকিৎসা সেবায় প্রধান ভরসার জায়গা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালের অধিকাংশ চিকিৎসকের পদই রয়েছে শূন্য। এতে হাসপাতালটিতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ও জরুরি চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
বিশেষ করে বরগুনার জেনারেল হাসপাতালে বর্তমানে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। স্বজনদের দাবি, হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে শিশুদের নিয়ে যেতে হচ্ছে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। এ ছাড়াও একটু বেশি অসুস্থ হলেই শিশুদের রেফার করা হচ্ছে বরিশালে। এতে একদিকে বাড়ছে চিকিৎসা ব্যয়, অপরদিকে চিকিৎসা সেবা নিতে এসে সৃষ্টি হচ্ছে ভোগান্তির।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে হামের প্রকোপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু রোগী। হামের উপসর্গ ও জ্বর, সর্দি, কাশি এবং নিউমোনিয়া নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের নির্ধারিত ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিশু। ফলে এতসংখ্যক শিশু ভর্তি রোগীদের চিকিৎসা সেবায় বর্তমানে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার দাবি চিকিৎসা নিতে আসা শিশু রোগীর অভিভাবকদের। অনেক সময় বাধ্য হয়ে শিশুদের নিয়ে বাইরের ক্লিনিকে যেতে হচ্ছে বলেও জানান তারা।
২৮ দিন বয়সী মেয়ে মরিয়মকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. মিজান ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি তার বিপরীতে যে কজন চিকিৎসক আছেন তাতে ঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছি না। দিনে একবার এসে কোনোরকম রোগী দেখে চলে যান চিকিৎসকরা। একজন রোগীকে বলতে গেলে এক মিনিটও সময় দিতে পারেন না তারা।
শিশু মরিয়মের মা মোসা. কুলসুম ঢাকা পোস্টকে বলেন, আমার ছোট মেয়ে অসুস্থ থাকায় স্বাভাবিকভাবেই মেয়েকে নিয়ে চিন্তায় থাকতে হয়। হাসপাতালে ভর্তি হয়ে যদি বাইরের ক্লিনিকে চিকিৎসার জন্য যেতে হয় তাহলে এই সরকারি হাসপাতালের প্রয়োজন কী? হাসপাতালে যদি ভালো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকে তাহলে আর সমস্যা হত না।
মোসা. জান্নাতুল বাকিয়া নামে আরেক শিশু রোগীর স্বজন ঢাকা পোস্টকে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বাচ্চাকে ভর্তি করেছি। কিন্তু হাসপাতালে শিশুদের জন্য একজন চিকিৎসক। অসংখ্য শিশু রোগীকে তিনি ঠিকভাবে সময় দিতেও পারছে না। এখন বাধ্য হয়ে আমাদের বাইরের ক্লিনিকে চিকিৎসার জন্য যেতে হচ্ছে।
বর্তমানে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালে চিকিৎসা সেবা ও চিকিৎসক সংকটের বিষয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালটি এখন নিজেই রোগীতে পরিণত হয়েছে। অসুস্থ হয়ে যে রোগীরা হাসপাতালে যায় তারা সঠিকভাবে চিকিৎসা সেবা পায় না। কারণ বর্তমানে হাসপাতালে চারভাগের একভাগও জনবল নেই। পদায়নকৃত চিকিৎসকদের অনেকেই নিয়মিত কর্মস্থলে আসেন না। হাসপাতালে আসা রোগীদের অবস্থা একটু খারাপ হলেই রেফার করে দেওয়া হয় বরিশাল অথবা ঢাকায়। এ অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালের বিষয়ে সরকার ও প্রশাসনের নজর দেওয়া উচিত।

শিশু বিশেষজ্ঞ না থাকায়, একজন মেডিকেল অফিসার দিয়ে শিশু ওয়ার্ড পরিচালনা করছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ধারণক্ষমতার থেকে বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ডা. শায়লা আক্তার ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিনই হাসপাতালে ১০০ থেকে ১৫০ জন শিশু রোগী ভর্তি থাকে। যতদিন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী পারভেজ স্যার ছিলেন, তিনি রোগী দেখতেন। আমরাও তার সঙ্গে থাকতাম। তিনি চলে যাওয়ার পর আমাকে একাই রোগী দেখতে হচ্ছে। এ কারণে এতসংখ্যক রোগী দেখতে একটু হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ কয়েকজন মেডিকেল অফিসার পদায়ন করা হলে আমাদের জন্য সুবিধা হত।
বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালসহ ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ ঢাকা পোস্টকে বলেন, বরগুনায় ২৯৩ জন চিকিৎসকের বিপরীতে ৭৭ জন চিকিৎসক আছেন। এই স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়েই হটস্পট বা বিভিন্ন রোগে প্রাদুর্ভাব প্রবণ এলাকার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিন্তু কিছু কিছু চিকিৎসক যারা তাদের কর্মস্থলে অনিয়মিত অথবা দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এটি অন্য চিকিৎসকদের জন্য একটি সতর্ক বার্তা। এ অঞ্চলের চিকিৎসক যারা আছেন, তারা তাদের দায়বদ্ধতা এবং মানবিক গুণাবলি থেকেই চিকিৎসা সেবা চালাতে হবে।
বরগুনায় চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, আমি যোগদানের প্রথম থেকেই চিকিৎসক সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অনেক চিকিৎসক পদায়নও হয়েছিল। বিশেষ করে ২০২৫ সালে ডেঙ্গুর হটস্পট হওয়ার পর একসঙ্গে ১০ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছিল। পরবর্তীতে তারা আবার এখান থেকে চলে গেছেন। এ ছাড়াও জেনারেল হাসপাতালে যিনি শিশু বিশেষজ্ঞ ছিলেন তিনি সহকারী অধ্যাপক হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাওয়ায় ওই পদটি শূন্য হয়েছে। জেলার চিকিৎসক সংকটসহ শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনও কাজ করছেন। পাশাপাশি আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
এসএইচএ
