৩০ ঘণ্টা পর রাজশাহী-নাটোর হয়ে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাজশাহীর সঙ্গে নাটোরের মালিক শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল ৬টা থেকে বাস চলাচল ব্যাহত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে আরেকটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়। পরবর্তীতে ওই বাস ছেড়ে দেওয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এ সময় রাজশাহী থেকে চাঁপাইনব্বগঞ্জ, নওগাঁ, জায়পুরহাট রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল। কয়েকটি বাস নাটোর হয়ে ঢাকা ও রংপুরে গিয়েছে। পরবর্তীতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল। এক টানা ৩০ ঘণ্টা বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে।
গতকাল শুক্রবার দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করেও অনেকে বাসায় ফিরে গিয়েছেন। অনেকেই আবার বিকল্প উপায়ে গন্তব্যে ছুটেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
শাহিনুল আশিক/আরএআর
