ফেনীর মহিপালে পথসভা শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পথসভা শেষ হয়।
ফেনীর পথসভায় বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
এর আগে সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পথসভা শেষে লংমার্চের গাড়িবহর ফেনীর মহিপালে পৌঁছায়। সেখানে পথসভা শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বহরটি।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট এই লং মার্চের আয়োজন করে।
মহিপাল থেকে চট্টগ্রামের পথে লংমার্চের পরবর্তী কর্মসূচি মীরসরাইয়ে পথসভা। এরপর চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
তারেক চৌধুরী/আরএআর
