সরকার যোগ্যতার ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে কিনা— তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি অভিযোগ করেছেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য ও চাটুকারিতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ৩৫০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, সরকার কী যোগ্যতার ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ দেয়? অধিকাংশই হচ্ছে যারা রাজনৈতিক চাটুকার। যে একে-ওকে গালিগালাজ করতে পারে তার রিওয়ার্ড হলো সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া। এ ধরনের মানুষদের কাছ থেকে আমরা কী বড় প্রত্যাশা করতে পারি?
তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে গুরুত্ব দিচ্ছে। সরকার আগের মতো অন্ধ মানুষদের সামনে নিয়ে আসতেছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রসঙ্গ টেনে শিবিরের এই নেতা বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে একজন ভিসির যোগ্যতা তিনি ধান লাগানোর জন্য মিছিল করছে, এটিই তার যোগ্যতা। এই যে ধান লাগানো ভিসি যিনি আসতেছেন, তিনি কি আমাদের মতো তরুণদের জন্য ভালো কিছু চিন্তা করতে পারবেন? বরং দেখা যায়, তিনি ওই দলীয়করণই করবেন। এমন একটি অন্ধ সংস্কৃতি চালু করে এ রকম করে আমাদের দেশকে বারবার পিছিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় বিরোধীদলের চলমান কর্মসূচির প্রসঙ্গও তুলে ধরেন সিবগাতুল্লাহ সিবগা বলেন, আজকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুল রহমানের নেতৃত্বে ছয় দফা বাস্তবায়নের দাবিতে লংমার্চ শুরু হয়েছে। এখানে অন্যতম একটি যৌক্তিক দাবি ছয় নম্বর যেটা, সেটা হলো অন্ধ দলীয়করণমুক্ত করতে হবে।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাকে সবসময় আটকে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা বলতে চাই, যদি তুমি সচেতন হও এবং পরিকল্পনা গুছিয়ে কাজ করতে পারো, তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না।
অনুষ্ঠানে ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান।
আরএআর
