বিজ্ঞাপন

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের মাতব্বর শাহিন বিশ্বাস ও একই গ্রামের আবু জাহিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে পার্শ্ববর্তী নাগিরাট গ্রামে সার নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দলিলপুর গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলিলপুর গ্রামের ব্যবসায়ী রানা হোসেন বলেন, সকালে হঠাৎ করে ৩০০-৪০০ জন লোকজন এসে আমার বাড়ি ও দোকানসহ আশপাশের আরও ১০টি বাড়িঘর ভাঙচুর করেছে। আমার বাড়ি ও দোকানে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শাহিন হোসেন বলেন, সকালে কী হয়েছে সঠিক আমি জানি না। হঠাৎ করেই আমার লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমার ১০ সমর্থকের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, শুনলাম সকালে নাগিরাট বাজারে ঝামেলা হয়েছে। পরে গ্রামে এসে দেখি ঝামেলা হচ্ছে। আসলে কী নিয়ে মারামারি, আমি জানি না।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে।

সম্রাট হোসেন/আরএআর

বিজ্ঞাপন