বিজ্ঞাপন

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার তিন বছর বয়সী ছেলে ইভান গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের তিন বছর বয়সী ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। এ সময় হঠাৎ ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে রেললাইনের দিকে দৌড়ে যান মনিরা। তখন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইভানকে উদ্ধার করে স্থানীয়রা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর

বিজ্ঞাপন