বিজ্ঞাপন

মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. নজরুল ইসলাম মঞ্জু (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা নদীর বাসনভাঙ্গা চরসংলগ্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামূল্যাহ গ্রামের মৃত বদিউজ্জা মালের ছেলে।

পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, শনিবার দুপুরে ডিঙি নৌকা নিয়ে মেঘনা নদী ও নদীর মাঝে জেগে ওঠা চরে মাছ ধরছিলেন নজরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজিব জানান, দুপুর দেড়টার দিকে বজ্রপাতে আহত অবস্থায় ওই জেলেকে হাসপাতালে আনা হয়। তার শরীরের একাংশ ঝলসে যাওয়ার মতো অবস্থায় ছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে একজন জেলে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এটি অপমৃত্যু হিসেবে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 মো. খাইরুল ইসলাম/এমএমবি