জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে মোতাহার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোতাহার ওই এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি জোনাইল বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজের ধানখেতে কীটনাশক দিতে যান মোতাহার। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বিষয়টি চাচাতো ভাই নজরুল ইসলামকে জানান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। জামালপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কামরুন্নাহার বলেন, সাপের কামড়ের পর মোতাহারকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার্ড করা হয়েছিল।
নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, সাপের কামড়ের পর দ্রুত মোতাহারকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে মোতাহার হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাঁধন হোসেন/এমএমবি
