সাভারে সাত বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দিবাগত ভোররাতে ভোলা, বরিশাল সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সাভার পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ শরইয়্যাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান বলেন, গত ছয় মাস ধরে ওই মাদরাসায় সাত বছরের এক শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ওই মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেনসহ বেশ কয়েকজন বলাৎকার করে আসছিল। পরে এ ঘটনায় ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা হলে পুলিশ নড়ে চড়ে বসে। পরে আজ ভোররাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শিশুটিকে মাদরাসায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে— এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। সাভারের পূর্ব শাহবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদরাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকের বিরুদ্ধে মামলাটি করা হয়।
লোটন আচার্য্য/আরএআর
