বরগুনার পাথরঘাটা উপজেলায় পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ভাতিজা মো. আল আমিনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত আল আমিন নিহত ওই নারীর সম্পর্কে দেবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযুক্ত আল আমিন তার ছোটো ভাইয়ের সঙ্গে যে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু করেন। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চাচি পিয়ারা বেগম ঘটনাস্থলে আসেন। এ সময় হঠাৎ অভিযুক্ত আল আমিন উত্তেজিত অবস্থায় পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পিয়ারা বেগমকে পরিবারের অন্য সদস্যরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরবর্তীতে ওই ঘটনার পরপরই অভিযুক্ত মাদকাসক্ত আল আমিনকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান সোহাগ ও স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম হত্যাকাণ্ডে জড়িত আল আমিনকে ধরিয়ে দিতে ওই পরিবারের সদস্যদের সহযোগিতা চান। পরে আজ সন্ধ্যায় আল আমিন বাড়িতে এলে তাদেরকে খবর দেন পরিবারের সদস্যরা। এরপর স্থানীয় ইউপি সদস্য ও বিএনপির ওই নেতার নেতৃত্বে এলাকাবাসী মিলে আল আমিনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে গ্রেপ্তার করে।
রায়হানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান সোহাগ বলেন, চাচিকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসীর চেষ্টা ও অভিযুক্তের পরিবারের সহযোগিতায় আল আমিনকে ধরতে সক্ষম হয়েছি। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযুক্ত মাদকাসক্ত আল আমিনকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করে। আমাদের তৎপরতার ছিল, পাশাপাশি এলাকাবাসীর প্রতি অভিযুক্তকে গ্রেপ্তার করতে সহায়তা করারও অনুরোধ করা হয়েছিল। তারা অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছেন।
আব্দুল আলীম/আরএআর
