আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আন্দোলন লংমার্চ দিয়ে শুরু হয়েছে। আমরা মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে ঘুমিয়ে থাকা যাবে না, জাগ্রত থাকতে হবে। আমাদের সবার নাম আছে। তবে অধিকার হরণ করতে আসলে, প্রতারণা করলে আমাদের নাম ভুলে যাব। তখন আমরা সবাই ওসমান হাদি, আবু সাঈদ হয়ে যাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ফেনীর পথসভায় এসব কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের সঙ্গে চুক্তি হয়েছিল সংবিধান সংস্কার করা হবে, বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। বলা হয়েছিল সন্ত্রাস বন্ধ হবে, কিন্তু গত ছয় মাসে বিএনপির লোকেরা ৩১ জন লোক হত্যা করেছে।
মানুষকে জাগ্রত থাকার আহ্বান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন বলেন, ক্ষমতা কীভাবে মানুষকে বদলে দেয়, আমরা অবাক হয়ে দেখলাম। কী এক অদ্ভুত ব্যাপার। আমরা মানুষকে জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যায়, অধিকার হরণ ও প্রতারণার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি রাজপথে থেকে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছে, নির্বাচনের আগে যে ওয়াদা করেছে, সেই ওয়াদা রক্ষা না হলে সারা দেশে আবার যুদ্ধ হবে। আমরা আর কোনো যুদ্ধ চাই না, আপনারা আপনাদের ওয়াদা পূরণ করুন। আমরা বাংলাদেশে আন্দোলন-সংগ্রামের সব ইতিহাস জানি। আমরা এখন লংমার্চ দিয়ে শুরু করেছি। জনগণের স্বার্থে প্রয়োজন হলে আমরা ঢাকাও ঘেরাও করতে জানি। কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকা ঘেরাও করতে চাই না। পথে পথে বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের কাছে দাওয়াত দিচ্ছি।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
তারেক চৌধুরী/এএমকে
