জনগণের ভোটাধিকার নিয়ে তামাশা এবং গণভোটকে অবৈধ করার চেষ্টা করলে বিএনপিকে জনগণ চূড়ান্তভাবে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, সংসদ নির্বাচনে অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছে। তবে ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের ম্যান্ডেটের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে। একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচনে ধানের শীষের ভোটও বৈধ হতে পারে না।
তিনি বলেন, গণভোটের রায় অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশে নতুন করে দুর্নীতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
তারেক চৌধুরী/এসএইচএ
