সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম ঘটনাস্থলের ওই প্রাইভেটকারের মালিক বলে জানা যায়। তবে পুলিশের তদন্ত স্বার্থে বাকি আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এক রিকশা চালককে মারধর করছিল একটি প্রাইভেটকারের লোকজন। এ সময় এসবি পুলিশের এসআই আলতাফ রিকশাচালককে মারধরে বাঁধা দেন। এতে প্রাইভেটকার আরোহীরা পুলিশ সদস্যের ওপর চড়া হয়। পরে প্রাইভেটকারের লোকজন আরও কয়েকজনকে ডেকে এনে ওই পুলিশ সদস্যের ওপর হামলা করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, সাভারের আমিন বাজারে এসবি পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএইচএ
