বিজ্ঞাপন

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ, থানায় মামলা দায়ের

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ, থানায় মামলা দায়ের

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজারে তিনটি গুদামে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে গুদাম মালিক ২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমলসার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির অভিযানে অংশ নেন।

অভিযানে আমলসার পূর্বপাড়ার বাসিন্দা বদিয়ার রহমানের ছেলে শহিদ জোয়ার্দার এবং প্রয়াত তোফায়েল জোয়ার্দারের ছেলে নবাব জোয়ার্দারের ৩টি গুদামে বিপুল পরিমাণ সার পাওয়া যায়। পরে গুদামগুলো থেকে ২৬৭ বস্তা ডিএপি ও ৬১ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সার সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সার লুকিয়ে রাখতে পারেন। এতে প্রকৃত কৃষকরা সময়মতো সার না পেয়ে ভোগান্তিতে পড়েন। আমরা চাই কৃষকের জন্য যে সার আসে, সেটা যেন ঠিকমতো কৃষকের হাতেই পৌঁছায়। কেউ যদি সার লুকিয়ে রেখে পরে বেশি দামে বিক্রি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বাজারে সারের সরবরাহ ও বিক্রির ওপর প্রশাসনের নিয়মিত নজরদারি আরও বাড়ানো হোক।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার করা হয়েছে। অধিক মুনাফার আশায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুদাম মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা সার বর্তমানে শ্রীপুর থানা হেফাজতে রয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত, কালোবাজারি বা কৃত্রিম সংকট তৈরির কোনো চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, অবৈধভাবে সার মজুদের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধার করা ৩২৮ বস্তা সার থানা হেফাজতে রয়েছে।

অভিযানের সময় শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সুমন কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাছিন জামান/এমএমবি

বিজ্ঞাপন