বিজ্ঞাপন

মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু, বাবা আহত

মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু, বাবা আহত

ময়মনসিংহের ভালুকায় মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ছিদ্দিক মিয়া আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধীতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার উপজেলার কাইচান গ্রামের বাসিন্দা ছিদ্দিক মিয়ার মেয়ে। আহত ছিদ্দিক মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ভালুকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দফায় দফায় প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এ সময় আয়েশা ও তার বাবা মাটির ঘরের ভেতরে ছিলেন। একপর্যায়ে বজ্রপাতের তীব্র শব্দ ও কম্পনে ঘরটিতে প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টি হয়। এতে ঘরের মাটির দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন আয়েশা ও তার বাবা ছিদ্দিক মিয়া।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে মাটি সরিয়ে দুজনকে উদ্ধার করেন। এ সময় আয়েশাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ছিদ্দিক মিয়াকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাটির ঘরের দেয়াল ধসে আয়েশা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার বাবা আহত হয়েছেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাখাওয়াত সুমন/এমএমবি