বিজ্ঞাপন

ত্রাণমন্ত্রী

স্বৈরশাসনের বিরুদ্ধে মির্জা ফখরুলের লড়াইয়ের সাক্ষী দেশের মানুষ

স্বৈরশাসনের বিরুদ্ধে মির্জা ফখরুলের লড়াইয়ের সাক্ষী দেশের মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে আজ দেশের রাষ্ট্রপতি, এই দীর্ঘ পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রতিনিয়ত সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন তার সহধর্মিণী। আজকের এই মঞ্চেও তিনি উপস্থিত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরশাসনের বিরুদ্ধে মির্জা ফখরুল যেভাবে লড়াই করেছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন, তার সাক্ষী বাংলাদেশের মানুষ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আলোচনা করছিলেন, কাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হবে, তখন অনেকেই অনেক ধরনের আলোচনা করেছিলেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল, তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই যাবে।

ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর একজন স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করে তিনি দলকে গুছিয়ে রেখেছেন, দলকে রক্ষা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে দেশের জন্যও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে তিনি বলেন, উনি যেমন দলের জন্য নিরাপদ ছিলেন, আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রের জন্যও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন নিরাপদ মানুষ। সুতরাং সঠিক মানুষটাকেই সঠিক জায়গায় বেছে নেওয়া হয়েছে।

তবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দের পাশাপাশি ব্যক্তিগত কষ্টও রয়েছে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, আমি যেমন আনন্দ পেয়েছি, তেমনি আমার মনে কষ্টও হয়েছে। কারণ, আগের মতো তার সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ করা সম্ভব হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে আমরা আগের মতো পাব না। কিন্তু বড় জায়গায় গেলে ছোট ছোট স্বার্থ আমাদের ছেড়ে দিতে হয়। সেই কষ্ট থেকেও পরবর্তীতে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশের মানুষ একজন সঠিক মানুষকে সঠিক জায়গায় অধিষ্ঠিত করেছে।

মির্জা ফখরুলের সঙ্গে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে মন্ত্রী বলেন, আমার সঙ্গে তার দীর্ঘদিনের অত্যন্ত নিবিড় সম্পর্ক। তিনি আমাকে কতটা স্নেহ করেন, কতটা ভালোবাসেন সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠাকুরগাঁওবাসী ভাগ্যবান যে এমন একটা মানুষ তারা পেয়েছে।

রেদওয়ান মিলন/আরএআর

বিজ্ঞাপন