চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন সংস্থা ‘গাক’-এর সরবরাহকৃত টিফিনের খাবার খেয়ে আবারও ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এ ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানটির অফিস ও গোডাউনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয় এবং ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
তিনি বলেন, দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত গাকের অফিসে অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে নিরাপদ খাদ্য আইন ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাচ্চাদের অসুস্থতার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্যারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাকসহ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন সংস্থা ‘গাক’-এর সরবরাহকৃত টিফিনের খাবার খেয়ে আবারও ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে ৭ শিশু শিক্ষার্থীকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ ছাত্র ও ৪ ছাত্রী রয়েছে।
আশিক আলী/আরএআর
