রাজধানীর কাফরুল থেকে সাত বছরের শিশু অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুথি আক্তারকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টম্বর বিকেলে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া এলাকায় শিশুটি খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। পরে শিশুটির মা আমেনা বেগম কাফরুল থানায় মামলা দায়ের করেন।
এরপর ৫ সেপ্টেম্বর বিকেলে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করা হয় এবং যুথি আক্তারকে গ্রেপ্তার করা হয়।
এনআর/এএমকে
