বিজ্ঞাপন

ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ভোলা সদর উপজেলার পৃথক পৃথক স্থানে পুকুরে ডুবে মো. আব্দুল্লাহ (৩) ও দেড় বছর বয়সী আব্দুর রহমান নামে দুই শিশু নিহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল্লাহ উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকের ছেলে ও আব্দুর রহমান আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে।

শিশুদের স্বজনরা জানান, শিশু আব্দুল্লাহর পরিবার ঘরের কাজে ব্যস্ত ছিল। এসময় শিশুটি বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে কিছুক্ষণ পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শিশু আব্দুর রহমানের মা শিশুটিকে বসতঘরে রেখে পাশের বাড়িতে যান। এরপর শিশুটি তার মায়ের খোঁজে হামাগুড়ি দিয়ে ঘর থেকে যায় এবং বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এসব দুর্ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়েরের কার্যক্রম চলছে।

মো. খাইরুল ইসলাম/এমএমবি