ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে সিজারের পর শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
মৃত শিল্পী বেগম উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী।
শিল্পী বেগমের স্বামী ইয়ার আলী জানান, রোববার সকালে তার স্ত্রী শিল্পী বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তার সিজার করার সময় অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়। তবে নবজাতক শিশুটি বেঁচে যায়।
প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অভিযোগের পর সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিকটি সিলগালা করার পাশাপাশি মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, সোমবার দুপুরে নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নবজাতক শিশুটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, দুধ ও খাবারসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।
সম্রাট হোসেন/আরএআর
