বিজ্ঞাপন

সাভারে এসআই আলতাব হত্যা : প্রধান আসামি জহিরুল ৫ দিনের রিমান্ডে

সাভারে এসআই আলতাব হত্যা : প্রধান আসামি জহিরুল ৫ দিনের রিমান্ডে

সাভারে বরদেশী এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি জহিরুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তারকৃত আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

জানা যায়, সোমবার আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী শফি উজ্জামান স্বপন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত প্রধান আসামি জহিরুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ওসি কামাল হোসেন জানান, প্রধান অভিযুক্তের রিমান্ড মঞ্জুরের পাশাপাশি মামলায় যুক্ত অপর দুই আসামি দেলোয়ার ও বিল্লাহর জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। তবে আদালত আজ তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং পরবর্তীতে তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী পশ্চিমপাড়া এলাকার ‘এড্রইট ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীরা এসআই আলতাব হোসেনের ওপর নৃশংস হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। নিহত এসআই আলতাব হোসেন ওই এলাকায়ই বসবাস করতেন। এ ঘটনার পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লোটন আচার্য্য/এসএইচএ