বিজ্ঞাপন

সার মজুতের দায়ে বগুড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা, ৭৬ বস্তা সার জব্দ

সার মজুতের দায়ে বগুড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা, ৭৬ বস্তা সার জব্দ

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের দোকান থেকে ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ও খাদুলী চারমাথা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে বরাদ্দ দেওয়া সার নির্ধারিত নিয়মে কৃষকদের মধ্যে বিতরণের কথা। তবে কয়েকজন ব্যবসায়ী এসব সার অবৈধভাবে মজুত করে রেখেছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে খাদুলী চারমাথা বাজারের ব্যবসায়ী মোখলেসকে ৫০ হাজার টাকা, বেলাল হোসেনকে ৩০ হাজার টাকা এবং আব্দুল মোমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মথুরাপুর বাজারের ব্যবসায়ী মোহসিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বেলাল হোসেনের দোকান থেকে ১৪ বস্তা, মোখলেসের দোকান থেকে ২৮ বস্তা, আব্দুল মোমিনের দোকান থেকে ১১ বস্তা এবং মোহসিন আলমের দোকান থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। সব মিলিয়ে ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে।
অভিযানে আব্দুল মোমিনের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুত ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই অবৈধভাবে মজুত বা বিক্রি করা না হয়, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে।

আব্দুল মোমিন/এসএইচএ