পর্যাপ্ত সার সরবরাহ ও খুচরা বাজারে সিন্ডিকেট বন্ধের দাবিতে রাজশাহীর পুঠিয়ায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কটিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার (৭ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে বানেশ্বর বাজারে শতাধিক কৃষক সড়কে নেমে বিক্ষোভ করতে শুরু করেন।
কৃষকদের অভিযোগ, আমন ধানের জমিতে এখন সার দিতে হবে, কিন্তু স্থানীয় ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার পাচ্ছেন না। বানেশ্বর বাজারে একটি সার ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
পুঠিয়ার বিরালদহ গ্রামের কৃষক আব্দুর রহিম (৪৫) বলেন, এখন আমন ধানে সার দেওয়ার সময়। তিন দিন ধরে বানেশ্বর বাজারে আসছি।
আরেক কৃষক রফিকুল ইসলাম (৫০) বলেন, সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ১০টার দিকে ডিলার ওসমান আলী বলেন, সার শেষ। সার না পেলে আমরা কীভাবে ফসল ফলাব। পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অসাধু ডিলারদের একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন কৃষকরা।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান তাদের আশ্বস্ত করেন, অসাধু ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নির্ধারিত দামে দ্রুত সার সরবরাহ করা হবে। ইউএনওর কাছ থেকে এমন আশ্বাস পেয়ে কৃষকরা অবরোধ তুলে নেন এবং সকাল সাড়ে ১১টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, কৃষকদের প্রধান দাবি বর্তমানে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হচ্ছে, তার চেয়ে বেশি সার বরাদ্দ এবং ডিলারদের বিরুদ্ধে ওঠা অব্যবস্থাপনার অভিযোগের সমাধান। পাশাপাশি স্থানীয় কৃষকদের গ্রামে কীটনাশক ডিলারদের দোকানেও সার বিক্রির দাবি জানিয়েছেন তারা।
শাহিনুল আশিক/এসএইচএ
