বিজ্ঞাপন

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশনে পৌঁছালে পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সান্তাহার জংশন কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল বলেন, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্য ও স্টেশন কর্তৃপক্ষও রয়েছেন। আমরা প্রাথমিকভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি।

তিনি আরও বলেন, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেনটি উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, লাইনচ্যুতির কারণে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার এবং তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুরে আটকে আছে। দ্রুত লাইন ক্লিয়ার করা না গেলে রূপসা ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনও আটকে পড়তে পারে।

তিনি আরও বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। এটি সান্তাহারে পৌঁছাতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগতে পারে। এরপর লাইন ক্লিয়ার করতে আনুমানিক দেড় ঘণ্টা সময় লাগতে পারে।

আব্দুল মোমিন/আরএআর

বিজ্ঞাপন