বিজ্ঞাপন

চালককে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

চালককে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর-শৈলগাড়ি সড়কের আমিরপুর ফাঁকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মোটরসাইকেলচালক মো. ময়েন (৩১) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ময়েন বলেন, রাতে একাই ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি গতিরোধ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। এ সময় তারা হাতে থাকা দা ও হাঁসুয়া দেখিয়ে ময়েনকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা চলে যাওয়ার পর কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে লোকালয়ে আসেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আফজালুল হক/এসএইচএ

বিজ্ঞাপন