বিজ্ঞাপন

পরকীয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী

পরকীয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী

যশোরের মণিরামপুরে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে প্রতারণা করে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে স্ত্রী ও তার কথিত প্রেমিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন রনি বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- মণিরামপুর উপজেলার নাগরঘোপ গ্রামের আলতাফ হোসেনের মেয়ে ও বাদীর স্ত্রী মুসলিমা খাতুন এবং হাসাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মণিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল।

মামলার বিবরণে জানা গেছে, ইমরান হোসেন রনি পারিবারিকভাবে মুসলিমা খাতুনকে বিয়ে করেন। তাদের ১০ বছর বয়সী মরিয়ম আক্তার মাওফিয়া নামে একটি কন্যাসন্তান রয়েছে। বাদীর অভিযোগ, কিছুদিন ধরে তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। গত ২৬ আগস্ট ইমরান হোসেন তেল বিক্রি করে বাড়িতে ফেরার পর ৫ লাখ টাকা স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন। পরে তিনি বাড়ির বাইরে গেলে মুসলিমা খাতুন অপর আসামি মোস্তফার সহযোগিতায় ওই ৫ লাখ টাকা এবং তার শাশুড়ির ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে চলে যান।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে গত ২৮ আগস্ট ইমরান হোসেন আসামির বাড়িতে গিয়ে টাকা ও স্বর্ণালংকারের বিষয়ে জানতে চান। এ সময় আসামিরা তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেন ইমরান। 

এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ না করায় আদালতে মামলা করেছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, সাধারণত যারা আদালতে মামলা করেন তারা ঢালাওভাবে থানার ওপর দোষারোপ করেন। ভুক্তভোগী থানায় আসলে অবশ্যই তিনি আইনগত সহায়তা পেতেন। যেহেতু তিনি আদালতে মামলা করেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজওয়ান বাপ্পী/আরএআর

বিজ্ঞাপন